মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

অদৃশ্য কারাগারে অস্বীকৃত ভালোবাসা

অদৃশ্য কারাগার। বহুমাত্রিক মানবজীবনের প্রেক্ষাপটে আবির্ভূত এ শব্দের মনস্তত্ত্ব ও ব্যাখ্যা একটি জটিল সমীকরণ। প্রতিদিনের ভয়, জীবন সম্পর্কে সংশয়, ধর্ম, পরিবার, সমাজ এবং রাষ্ট্র আর একদিকে যাপিতজীবনের অবর্ণনীয় ব্যতিগ্রস্ততা জীবন সম্পর্কে যে অনুভূতিকে নির্জলা আগুনে ভস্মীভূত করে এর আলঙ্কারিক শব্দটিই এই অদৃশ্য কারাগার।

বাংলাদেশের মুসলমানের ধর্মীয় সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, অপরাধের প্যারামিটারের, অর্থপূর্ণ ও অর্থহীন ভালোবাসার সংজ্ঞা এখানে যুক্তি, অনুভূতি, যৌনতা অনুভবের পারদ এবং যৌন পরিচয় প্রকাশের অস্তিত্বকে মানবাধিকার বিপর্যয়ের বাস্তবতায় নিয়ে যাওয়া হয়। এখানে ইসলাম ধর্ম একটি প্রতিবন্ধকতা। কোরআন, শরিয়াহ আইন, ইসলাম অধ্যুষিত মুসলিম সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, এমনকি রাষ্ট্রের আইনও এলজিবিটিকিউ+ অর্থাৎ ভিন্ন যৌন পরিচয়ের মানুষদের যৌনতার পরিচয়, ভালোবাসাকে অপরাধ হিসেবে দেখা হয়।

বাংলাদেশের দণ্ডবিধির ৩৭৭ ধারায় সমলিঙ্গের সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই আইন শুধু একটি ধারা নয়, এটি সমকামীদের অস্তিত্বকেই অস্বীকার করে। বাংলাদেশের এ আইন মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। এবং এটি বাতিলযোগ্য।

বাংলাদেশ রাষ্ট্র হিসেবে সকল ধর্ম, বর্ণ, গোত্র, যৌন পরিচয়, বিশ্বাসী, অবিশ্বাসী ও সংশয়বাদীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। রাষ্ট্র ধর্মহীন। দ্বীন ইসলামে বিশ্বাসী মুসলমানের পবিত্র স্রষ্টা (আল্লাহ) যেমন লিঙ্গ পরিচয়হীন, রাষ্ট্রও ঠিক একই। এখানে লিঙ্গ গৌণ, মুখ্য নয়।

এখানে ভিন্ন যৌন পরিচয়, সমলিঙ্গসহ ভিন্নতা থাকা, যা কোরআন ও শরিয়াহ আইনের ব্যত্যয় সেটিকে ইসলামপন্থীরা দমন-পীড়নের মুখোমুখি করে, নিয়ন্ত্রণ করে। ট্রান্স নারী ও পুরুষেরা শারীরিক ও মৌখিক সহিংসতার শিকার হন। এবং এ মানুষেরা পরিচয় গোপন করে নিভৃতে জীবন অতিবাহিত করেন।

সবার আগে রাষ্ট্রকে ধর্মের পীড়ন থেকে বেরিয়ে আসতে হবে। ৩৭৭ ধারার মতো আইনকে বাতিল করে মানবাধিকারকে সুরক্ষিত করতে হবে। যেখানে পরিচয় প্রকাশের জন্য কাউকে ইসলামী মৌলবাদী, উগ্রবাদী ও চরমপন্থীদের দ্বারা সহিংসতা ও হত্যাকাণ্ডের শিকার হতে হবে না।

রাষ্ট্রীয়ভাবে সকল যৌন পরিচয়ের মানুষদের স্বীকৃতি দিতে হবে। নিরাপত্তার বলয়কে সুরক্ষিত করতে হবে। ধর্ম ইসলাম, কোরআন ও শরিয়াহ আইনের নামে যে অধিকারহীনতার ইতিহাস ও বলয়, এটিকে ছুড়ে ফেলতে হবে। ভালোবাসা কোনো অপরাধ নয়। সব ধরনের ভালোবাসাকে স্বীকৃতি দিতে হবে।